বাইবেলের পদের ব্যাখ্যা
মথি ৬:৩৪—“কল্যকার নিমিত্ত ভাবিত হইও না”
“কখনো আগামীকালের বিষয়ে উদ্বিগ্ন হোয়ো না, কারণ আগামীকালের জন্য আগামীকালের উদ্বিগ্নতা রয়েছে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।”—মথি ৬:৩৪, নতুন জগৎ অনুবাদ।
“কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে; দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।”—মথি ৬:৩৪, দ্যা হোলি বাইবেল, বিএসআই - বেঙ্গলি - ও.ভি.।
মথি ৬:৩৪ পদের অর্থ কী?
যিশু যখন তাঁর শ্রোতাদের এই কথাগুলো বলেছিলেন, তখন তিনি তাদের ভবিষ্যতের বিষয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হতে অথবা অযথা চিন্তা করতে বারণ করেছিলেন। এর পরিবর্তে, তারা যদি রোজকার সমস্যা সেইদিনই সমাধান করার চেষ্টা করে, তা হলে তারা উপকার পাবে।
যিশু এটা বোঝাতে চাননি যে, আমাদের আগামীকালের বিষয়ে চিন্তা করা অথবা ভবিষ্যতের বিষয়ে পরিকল্পনা করা উচিত নয়। (হিতোপদেশ ২১:৫) এর পরিবর্তে, তিনি আমাদের এটা বোঝাতে চেয়েছিলেন, যেন আমরা আগামীকাল কী ঘটতে পারে, সেই নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন অথবা চিন্তিত না হই। এই ধরনের উদ্বিগ্নতা আমাদের আনন্দ কেড়ে নিতে পারে আর আমাদের হাতে যে-কাজ রয়েছে, সেটা থেকে আমাদের মনোযোগ সরিয়ে দিতে পারে। আজ দুশ্চিন্তা করে আমরা কখনোই ভবিষ্যতের সমস্যা সমাধান করতে পারব না। আর প্রায়ই দেখা যায়, আমরা যে-বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করি, সেগুলো ঘটেই না আর যদি কখনো তা ঘটেও, সেগুলো ততটা খারাপ হয় না, যেমনটা আমরা কল্পনা করেছিলাম।
মথি ৬:৩৪ পদের প্রসঙ্গ কী?
যিশু যখন তাঁর বিখ্যাত পর্বতে দেওয়া উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি এই কথাগুলো বলেছিলেন। এই উপদেশ বাইবেলে মথি ৫-৭ অধ্যায়ে লেখা রয়েছে। এখানে তিনি লোকদের বুঝিয়েছিলেন, অযথা দুশ্চিন্তা করলে তারা জীবনে সুখী হবে না অথবা নিজেদের আয়ু বাড়াতে পারবে না। (মথি ৬:২৭) এ ছাড়া তিনি এও বলেছিলেন, আমরা যখন আমাদের জীবনে ঈশ্বরকে প্রথম স্থানে রাখি, তখন আগামীকালের জন্য আমাদের অতিরিক্ত দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। ঈশ্বর যেহেতু গাছপালা ও পশুপাখির যত্ন নেন, তাই তিনি অবশ্যই সেই লোকদেরও যত্ন নেবেন, যারা তাঁর সেবা করে।—মথি ৬:২৫, ২৬, ২৮-৩৩.
মথি ৬ অধ্যায় পড়ুন। ব্যাখ্যা হিসেবে পাদটীকা দেখুন।

