বাইবেলের পদের ব্যাখ্যা
মথি ৬:৩৩—‘তোমরা প্রথমে তাঁহার রাজ্যের বিষয়ে চেষ্টা কর’
“অতএব, তোমরা ঈশ্বরের রাজ্যকে এবং তাঁর দৃষ্টিতে যে-বিষয়গুলো সঠিক, সেগুলো করাকে সবসময় জীবনে প্রথম স্থান দাও, তা হলে এইসমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে।”—মথি ৬:৩৩, নতুন জগৎ অনুবাদ।
“কিন্তু তোমরা প্রথমে তাঁহার রাজ্য ও তাঁহার ধার্ম্মিকতার বিষয়ে চেষ্টা কর, তাহা হইলে ঐ সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে।”—মথি ৬:৩৩, দ্যা হোলি বাইবেল, বিএসআই - বেঙ্গলি - ও.ভি.।
মথি ৬:৩৩ পদের অর্থ কী?
ঈশ্বরের রাজ্য হল এমন একটা সরকার, যেটা স্বর্গ থেকে পৃথিবীর উপর শাসন করবে এবং পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করবে। (মথি ৬:৯, ১০) একজন ব্যক্তি যিনি প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে চেষ্টা করেন, তিনি সেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন। a তিনি শুধুমাত্র নিজেই ঈশ্বরের রাজ্যের বিষয়ে জানার চেষ্টা করেন না, কিন্তু সেইসঙ্গে অন্যদেরও বলে যে, সেই রাজ্য কোন কোন ভালো বিষয়গুলো সম্পাদন করবে। (মথি ২৪:১৪) এ ছাড়া, তিনি ঈশ্বরের রাজ্য আসার জন্য প্রার্থনাও করবেন।—লূক ১১:২.
ঈশ্বরের দৃষ্টিতে যে-বিষয়গুলো সঠিক অর্থাৎ ঈশ্বরের ধার্মিকতার মধ্যে রয়েছে, সঠিক ও ভুল আচার-আচরণের বিষয়ে ঈশ্বরের মান। (গীতসংহিতা ১১৯:১৭২) তাই, যিনি ঈশ্বরের ধার্মিকতার বিষয়ে চেষ্টা করেন, তিনি ঈশ্বরের নৈতিক মান অনুযায়ী জীবনযাপন করেন আর সেটা সবসময় তার জন্য উপকারজনক।—যিশাইয় ৪৮:১৭.
এইসমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে, এই অভিব্যক্তির মাধ্যমে ঈশ্বর প্রতিজ্ঞা করেন, যে-ব্যক্তিরা তাঁর রাজ্য এবং তাঁর মানগুলোকে নিজেদের জীবনে প্রথম স্থানে রাখে, তাদের তিনি প্রয়োজনীয় সমস্ত কিছু জোগাবেন।—মথি ৬:৩১, ৩২.
মথি ৬:৩৩ পদের প্রসঙ্গ কী?
যিশু যখন পর্বতে দেওয়া উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি এই কথাগুলো বলেছিলেন। এই উপদেশ বাইবেলে মথি ৫-৭ অধ্যায়ে লেখা রয়েছে। যারা যিশুর কথা শুনছিল, তাদের মধ্যে বেশিরভাগ লোকই খুব গরিব ছিল। তারা হয়তো মনে করেছিল, বেঁচে থাকার জন্য তাদের টাকাপয়সা রোজগারের উপরই বেশি মনোযোগ দিতে হবে। তাই, রাজ্যের বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য তাদের হাতে বেশি সময় ছিল না। কিন্তু, যিশু তাদের উৎসাহিত করেছিলেন, যাতে তারা এটা লক্ষ করে, কীভাবে ঈশ্বর তাঁর সৃষ্ট গাছপালা ও পশুপাখির যত্ন নেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেন, যে-লোকেরা তাঁর রাজ্যকে তাদের জীবনে প্রথম স্থানে রাখে, তাদেরও তিনি যত্ন নেবেন।—মথি ৬:২৫-৩০.
মথি ৬:৩৩ পদ সম্বন্ধে কয়েকটা ভুল ধারণা
ভুল ধারণা: একজন ব্যক্তি যদি ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থানে রাখে, তা হলে সে ধনী হয়ে যাবে।
সঠিক তথ্য: যিশু বলেছিলেন, যারা ঈশ্বরের রাজ্যকে নিজেদের জীবনে প্রথম স্থানে রাখবে, তাদের খাওয়া-পরার মতো প্রয়োজনীয় বিষয়গুলো জোগানো হবে। (মথি ৬:২৫, ৩১, ৩২) কিন্তু, তিনি এটা বলেননি যে, তারা আরাম-আয়েশে জীবনযাপন করবে। এ ছাড়া, তিনি এটাও বলতে চাননি, প্রচুর টাকাপয়সা থাকার মানে হল ঈশ্বর তাকে প্রচুর আশীর্বাদ করেছে। আসলে, যিশু তাঁর শ্রোতাদের ধনসম্পত্তির পিছনে ছুটতে বারণ করেছিলেন কারণ তা করলে, তারা ঈশ্বরের রাজ্যকে জীবনের প্রথম স্থানে রাখতে পারবে না। (মথি ৬:১৯, ২০, ২৪) প্রেরিত পৌল ঈশ্বরের রাজ্যের জন্য কঠোর পরিশ্রম করতেন, তা সত্ত্বেও তিনি মাঝে মাঝে অভাবের মধ্য দিয়ে যেতেন। যিশুর মতো তিনিও অন্যদের এই বলে সতর্ক করেছিলেন যে, ধনসম্পত্তির পিছনে ছোটা বিপদজনক।—ফিলিপীয় ৪:১১, ১২; ১ তীমথিয় ৬:৬-১০.
ভুল ধারণা: খ্রিস্টানদের বেঁচে থাকার জন্য কাজ করার প্রয়োজন নেই।
সঠিক তথ্য: বাইবেল বলে, খ্রিস্টানদের অবশ্যই নিজের এবং পরিবারের ভরণ-পোষণ জোগানোর জন্য কাজ করতে হবে। (১ থিষলনীকীয় ৪:১১, ১২; ২ থিষলনীকীয় ৩:১০; ১ তীমথিয় ৫:৮) যিশু এটা বলেননি, তাঁর অনুসারীরা শুধুমাত্র রাজ্যের বিষয়ে চেষ্টা করবে; এর পরিবর্তে তিনি বলেছিলেন, তাদের রাজ্যকে জীবনে প্রথম স্থানে রাখতে হবে।
যারা ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থানে রাখে এবং বেঁচে থাকার জন্য কাজ করতে চায়, তারা এই বিষয়ে নিশ্চিত থাকতে পারে যে, ঈশ্বর তাদের জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো জোগাতে সাহায্য করবেন।—১ তীমথিয় ৬:১৭-১৯.
a যে-গ্রিক ক্রিয়াপদকে “চেষ্টা কর” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটা ক্রমাগত কাজ করাকে ইঙ্গিত করে। এই অভিব্যক্তিকে এভাবেও অনুবাদ করা যেতে পারে, “সবসময় চেষ্টা কর।“ তাই, ঈশ্বরের রাজ্যকে কিছু সময়ের জন্য নয় বরং সবসময় প্রথম স্থানে রাখতে হবে।

