বাইবেলের পদের ব্যাখ্যা
মথি ১১:২৮-৩০—“আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব।”
“তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের সতেজ করব। আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও এবং আমার কাছ থেকে শেখো, কারণ আমি মৃদুশীল ও নম্রমনা; এতে তোমরা সতেজতা লাভ করবে। কারণ আমার জোয়াল বহন করা সহজ এবং আমার ভার হালকা।”—মথি ১১:২৮-৩০, নতুন জগৎ অনুবাদ।
“হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা কর, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত; তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার যোঁয়ালি সহজ ও আমার ভার লঘু।”—মথি ১১:২৮-৩০, দ্যা হোলি বাইবেল, বিএসআই - বেঙ্গলি - ও.ভি.।
মথি ১১:২৮-৩০ পদের অর্থ কী?
যিশু প্রেমের সঙ্গে লোকদের তাঁর কাছে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি তাদের এই আশ্বাস দিয়েছিলেন, তারা যদি তাঁর কাছ থেকে শেখে, তা হলে তারা সতেজতা লাভ করবে ও স্বস্তি পাবে।
“তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, তোমরা সবাই আমার কাছে এসো।” যিশু যাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, তারা ধর্মীয় নেতাদের চাপানো নিয়মকানুন ও রীতিনীতির ভারে “ভারাক্রান্ত” হয়ে পড়েছিল। (মথি ২৩:৪; মার্ক ৭:৭) এ ছাড়া, সাধারণ লোকদের উপর আরও একটা বোঝা চাপানো ছিল, যার ফলে তারা দুশ্চিন্তা ও কষ্টের মধ্যে ছিল। শুধুমাত্র নিজেদের ভরণ-পোষণ জোগানোর জন্য তাদের সারাদিন ধরে প্রচুর পরিশ্রম করতে হত।
“আমি তোমাদের সতেজ করব।” যিশু প্রতিজ্ঞা করেছিলেন, যারা তাঁর প্রেমময় আমন্ত্রণে সাড়া দেবে, তাদের তিনি সতেজ করবেন অথবা বিশ্রাম দেবেন। কীভাবে? তিনি তাদের এটা বুঝতে সাহায্য করেছিলেন, ঈশ্বর তাদের কাছ থেকে আসলে কী চান। (মথি ৭:২৪, ২৫) এই জ্ঞান তাদের মিথ্যা শিক্ষার দাসত্ব থেকে এবং ধর্মীয় নেতাদের অত্যাচারের হাত থেকে মুক্ত করতে পারত। (যোহন ৮:৩১, ৩২) যদিও যিশুর শিক্ষা সম্বন্ধে জ্ঞান নেওয়া এবং তা কাজে লাগানোর জন্য তাদের অনেক প্রচেষ্টা করতে হত, কিন্তু তা করার ফলে তারা সতেজতা লাভ করতে পারত।
“আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও এবং আমার কাছ থেকে শেখো।” বাইবেলের সময়ে শ্রমিকেরা প্রায়ই জোয়াল ব্যবহার করত। এই জোয়াল ছিল একটা কাঠের মোটা লাঠি বা দণ্ড, যেটা কাঁধে নিয়ে লোকেরা ভারি বোঝা বয়ে নিতে যেত। তাই, “জোয়াল” বহন করার অর্থ ছিল, একজন ব্যক্তি অন্যজনের কর্তৃত্ব এবং নির্দেশনার অধীনে রয়েছে। (লেবীয় পুস্তক ২৬:১৩; যিশাইয় ১৪:২৫; যিরমিয় ২৮:৪) “আমার কাছ থেকে শেখো,” এই কথাটা এভাবেও বলা যেতে পারে, “আমার শিষ্য হও।” তাই, যিশু এখানে তাঁর শ্রোতাদের উৎসাহ দিয়েছিলেন, যেন তারা তাঁকে অনুসরণ করে তাঁর শিষ্য হয় এবং তিনি যে-কাজগুলো করেছিলেন, সেগুলো অনুকরণ করে।—যোহন ১৩:১৩-১৫; ১ পিতর ২:২১.
“এতে তোমরা সতেজতা লাভ করবে।” যিশু লোকদের কাছে এটা প্রতিজ্ঞা করেননি যে, তারা তখনই তাদের সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে স্বস্তি লাভ করবে। কিন্তু, তিনি তাদের সান্ত্বনা ও আশা খুঁজে পেতে সাহায্য করেছিলেন। (মথি ৬:২৫-৩২; ১০:২৯-৩১) যারা যিশুর শিষ্য হয়েছিল এবং তাঁর শিক্ষা অনুযায়ী জীবনযাপন করেছিল, তারা বুঝতে পেরেছিল যে, ঈশ্বরকে সেবা করা বোঝাস্বরূপ নয়। এর পরিবর্তে, ঈশ্বরকে সেবা করার ফলে তারা প্রকৃত সন্তুষ্টি লাভ করেছিল।—১ যোহন ৫:৩.
“কারণ আমার জোয়াল বহন করা সহজ এবং আমার ভার হালকা।” যিশু তাঁর দিনের ধর্মীয় গুরুদের মতো ছিলেন না। তিনি ছিলেন মৃদুশীল ও নম্র। (যোহন ৭:৪৭-৪৯) তিনি নিষ্ঠুর অথবা কঠোর ছিলেন না। এর পরিবর্তে, তিনি সদয় ছিলেন এবং লোকেরা তাঁর কাছে সহজেই আসতে পারত। তিনি যুক্তিবাদী ছিলেন অর্থাৎ তাঁর অনুসারীদের কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করতেন না। (মথি ৭:১২; মার্ক ৬:৩৪; লূক ৯:১১) তিনি লোকদের এটাও দেখিয়েছিলেন, কীভাবে তারা ঈশ্বরের করুণা থেকে উপকার পেতে পারে আর সেইসঙ্গে এক শুদ্ধ বিবেক লাভ করার ফলে সতেজতা লাভ করতে পারে। (মথি ৫:২৩, ২৪; ৬:১৪) যিশুর সুন্দর গুণাবলি একদিকে যেমন লোকদের আকর্ষণ করত, আবার অন্যদিকে তাঁর প্রেমময় জোয়াল বহন করতে এবং তাঁর শিষ্য হতে সাহায্য করত।
মথি ১১:২৮-৩০ পদের প্রসঙ্গ কী?
৩১ খ্রিস্টাব্দে গালীলে প্রচার করার সময় যিশু মথি ১১:২৮-৩০ পদে দেওয়া এই কথাগুলো বলেছিলেন। একমাত্র মথিই তাঁর সুসমাচারের বিবরণে যিশুর এই সদয় আমন্ত্রণের বিষয়ে লিখেছিলেন। যেহেতু মথি ছিলেন একজন যিহুদি আর তিনি আগে কর আদায় করতেন, তাই তিনি জানতেন, কীভাবে সাধারণ লোকেরা অত্যাচারের শিকার হয়। শুধুমাত্র রোমীয়েরাই যে তাদের উপর অতিরিক্ত কর চাপিয়ে দিয়েছিল এমন নয়, কিন্তু যিহুদি ধর্মীয় ব্যবস্থার কারণেও তারা অত্যাচারিত হত। তাই, যিশু যখন তাঁর পিতা যিহোবার a কাছ থেকে পাওয়া কর্তৃত্ব ব্যবহার করে নম্র ও অবহেলিত লোকদের আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন তা দেখে মথি কতই-না উৎসাহিত হয়েছিলেন!—মথি ১১:২৫-২৭.
মথি তার লেখা সুসমাচারের বইয়ে যিশুর এমন কিছু চমৎকার গুণ সম্বন্ধে উল্লেখ করেছিলেন, যেগুলো যিশু প্রতিজ্ঞাত মশীহ হিসেবে এবং ঈশ্বরের রাজ্যের ভাবী শাসক হিসেবে প্রদর্শন করেছিলেন।—মথি ১:২০-২৩; যিশাইয় ১১:১-৫.
মথি বইয়ের ভূমিকা দেখার জন্য এই ছোটো ভিডিওটা দেখুন।
a যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম। (গীতসংহিতা ৮৩:১৮) “যিহোবা কে?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

