বাংলা
নতুন কিছু শেখার উপকারিতা
https://cms-imgp.jw-cdn.org/img/p/500300107/univ/art/500300107_univ_sqr_xl.jpg
ijwhf প্রবন্ধ ১৯

পরিবারের জন্য সাহায্য | সন্তান লালনপালন

নতুন কিছু শেখার উপকারিতা

নতুন কিছু শেখার উপকারিতা

 ‘নতুন কিছু শেখা’ বলতে বোঝায় অবসর সময়ে এমন কিছু করা, যেটা একজন সন্তানের আগ্রহ ও কল্পনাশক্তিকে বাড়িয়ে তোলে। এর ফলে, সে ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং হাতে-কলমে কোনো কাজ শিখতে পারে।

 এর মধ্যে রয়েছে:

  •   ছবি আঁকা

  •   রান্না করা (বাবা-মা অথবা বড়োদের উপস্থিতিতে)

  •   ডাক্তার-রোগী, রান্নাবাটি খেলার মতো বিভিন্ন ধরনের খেলা

  •   গান গাওয়া

  •   ব্লক দিয়ে ঘরবাড়ির মতো বিভিন্ন জিনিস তৈরি করা

  •   সাধারণ কোনো জিনিস নিয়ে খেলা (হতে পারে, একটা কার্ডবোর্ড দিয়ে কিছু তৈরি করে খেলা)

 অনেক দেশে, ছেলে-মেয়েরা এই ধরনের নতুন কিছু শিখতে বা করতে চায় না। এর পরিবর্তে, তারা বসে বসে হয় টিভি দেখে, গেম খেলে অথবা এমন কিছু নিয়ে খেলা করে, যেটা বড়োরা তাদের জন্য তৈরি করে দেয়।

 আপনার কী এই নিয়ে চিন্তিত হওয়া উচিত?

 আপনার যা জানা উচিত

  •   নতুন কিছু শেখা সন্তানকে বেড়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করতে পারে। এটা একজন সন্তানকে শারীরিক ও মানসিকভাবে বেড়ে উঠতে, নতুন কিছু তৈরি করতে এবং অন্যদের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। এ ছাড়া, এটা তাকে ধৈর্য ধরতে, ভালো সিদ্ধান্ত নিতে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে এবং অন্যদের সঙ্গে খেলা করতে সাহায্য করে। এক কথায় বললে, নতুন কিছু শেখা একজন সন্তানকে প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে প্রস্তুত করে।

  •   অতিরিক্ত ইলেকট্রনিক ডিভাইস দেখা ক্ষতিকর হতে পারে। অনেক বাবা-মা তাদের ছোট্ট সন্তানকে শান্ত রাখার জন্য তাকে টিভির সামনে বসিয়ে দেয় অথবা হাতে ফোন ধরিয়ে দেয়। এমনটা করার ফলে, সেই সন্তান টিভি বা ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ে, সেগুলো ছাড়া সে থাকতে পারে না। এ ছাড়া, অতিরিক্ত ইলেকট্রনিক ডিভাইস দেখার ফলে বাচ্চাদের ওজন বেড়ে যায় এবং তারা একটুতেই রেগে যায়।

  •   নির্ধারিত কার্যকলাপের কিছু অপকারিতা রয়েছে। অনেকসময় বাবা-মায়েরা আগে থেকে ঠিক করে রাখে যে, সারাদিন ধরে তাদের সন্তানরা কী করবে। বাবা-মায়ের নির্ধারিত তালিকা অনুযায়ী একটার পর একটা কাজ করার ফলে, সন্তানরা যে নতুন কিছু তৈরি করবে কিংবা নতুন কিছু নিয়ে খেলা করবে, সেটার সুযোগ পায় না।

 আপনি যা করতে পারেন

  •   নতুন কিছু শেখার সুযোগ দিন। যদি সম্ভব হয়, তা হলে আপনার সন্তানকে ঘরের বাইরে খেলতে পাঠান, যাতে সে খোলামেলা পরিবেশে আনন্দ পেতে পারে। সন্তানদের এমন কোনো কাজ করতে দিন, যেটা তারা উপভোগ করবে। এ ছাড়া, তাদের এমন খেলনা নিয়ে খেলতে দিন, যেটা দিয়ে তারা নতুন কিছু তৈরি করতে পারবে। a

     চিন্তা করার মতো বিষয়: কোন কোন দক্ষতা বা গুণগুলো আমার সন্তানকে নতুন কিছু শিখতে সাহায্য করতে পারে আর সেগুলো কীভাবে তাকে পরবর্তী সময়ে উপকৃত করবে?

     বাইবেলের নীতি: ‘শরীরচর্চা উপকারজনক।’—১ তীমথিয় ৪:৮.

  •   সন্তানকে বেশি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে দেবেন না। আপনার সন্তানকে ফোন ও ট্যাবলেট হাতে ধরিয়ে কিংবা টিভি চালিয়ে ব্যস্ত রাখার আগে ভালোভাবে ভেবে দেখুন। শিশু বিশেষজ্ঞেরা এই পরামর্শ দেয় যে, দুই বছরের কমবয়সি বাচ্চাদের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে অথবা টিভি দেখতে দেওয়া উচিত নয় আর যাদের বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে তারা যেন এক ঘণ্টার বেশি সেগুলোর পিছনে সময় ব্যয় না করে। b

     চিন্তা করার মতো বিষয়: আমি আমার সন্তানকে কতটা সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে দেব? সে যখন কোনো ডিভাইস দেখে, তখন কি আমিও তার সঙ্গে বসে দেখব? ইলেকট্রনিক ডিভাইসের পরিবর্তে তাদের কি অন্য কোনো উপায়ে ব্যস্ত রাখা যেতে পারে?

     বাইবেলের নীতি: “তোমরা কীভাবে চলছ, তা ভালোভাবে লক্ষ করো। মূর্খ ব্যক্তির মতো না চলে বরং বিজ্ঞ ব্যক্তির মতো চলো, তোমাদের সময়কে সর্বোত্তম উপায়ে ব্যবহার করো।”—ইফিষীয় ৫:১৫, ১৬.

  •   পড়াশোনার বাইরে কোনো কিছুতে ভর্তি করার আগে ভালোভাবে চিন্তা করুন। এটা ঠিক যে, এগুলো আপনার সন্তানকে কোনো কিছু করতে কিংবা কোনো খেলাধুলায় দক্ষ হয়ে উঠতে সাহায্য করবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, একাধিক কিছু শেখানোর ফলে, শুধুমাত্র সন্তানের উপরই নয়, কিন্তু বাবা-মায়ের উপরও চাপ সৃষ্টি হয়, কারণ তাদেরই সন্তানকে সেই জায়গাগুলোতে দিয়ে আসতে হয় এবং নিয়ে আসতে হয়। আসলে, ইফিষীয় ৫:১৫, ১৬ পদে সময়কে সর্বোত্তম উপায়ে ব্যবহার করার যে-নীতি দেওয়া রয়েছে, সেটা এই ক্ষেত্রেও প্রযোজ্য।

     চিন্তা করার মতো বিষয়: আমার সন্তানরা কি পড়াশোনার বাইরে অনেক কিছু শিখছে? যদি তা-ই হয়, তা হলে আমি কোন কোন রদবদল করতে পারি?

     বাইবেলের নীতি: ‘বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ণয় করো।’—ফিলিপীয় ১:১০.

a এমন অনেক খেলনা রয়েছে, যেগুলো সন্তানদের নতুন কিছু তৈরি করার ক্ষেত্রে তাদের কল্পনাশক্তিকে ব্যবহার করার সুযোগ দেয় না। এর পরিবর্তে, ব্লক থেকে শুরু করে কার্ডবোর্ড বাক্সের মতো এমন অনেক সাধারণ খেলনা অথবা জিনিসপত্র রয়েছে, যেগুলো তাদের কল্পনাশক্তিকে ব্যবহার করতে সাহায্য করবে।

b “ডিভাইস ব্যবহার করা” বলতে কোনো প্রিয়জনের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলা অথবা পরিবারের সদস্যদের সঙ্গে ব্রডকাস্টিং দেখা কিংবা সভা ও সম্মেলনে যোগ দেওয়াকে বোঝায় না, বরং অন্যান্য আমোদপ্রমোদকে বোঝায়।