পরিবারের জন্য সাহায্য | সন্তান লালনপালন
সংবাদমাধ্যমের খারাপ খবর দেখে ভয় না পাওয়ার জন্য আপনার সন্তানদের সাহায্য করুন
টিভি, ফোন, ট্যাবলেট আর কম্পিউটারে সবসময় খারাপ খবর দেখতে পাওয়া যায় আর সেখানে এমন ভিডিও ফুটেজগুলো থাকে, যা দেখলে যেকোনো লোকেরই ভয় লাগতে পারে।
মনে রাখবেন, আপনার সন্তানরাও এই খবরগুলো দেখছে।
কীভাবে আপনি আপনার সন্তানদের সাহায্য করতে পারেন, যাতে তারা এই খারাপ খবরগুলো দেখে অতিরিক্ত ভয় পেয়ে না যায়?
সংবাদমাধ্যমের খবরগুলো কীভাবে সন্তানদের প্রভাবিত করে?
সংবাদমাধ্যমের খারাপ খবরগুলো দেখে অনেক সন্তানই ভয় পেয়ে যায়। কোনো কোনো ছেলে-মেয়ে অন্যদের কাছে প্রকাশ করে না ঠিকই, কিন্তু সংবাদমাধ্যমের খারাপ খবরগুলো দেখে তারা মনে মনে খুবই কষ্ট পায়। a আর তারা যদি দেখে, তাদের বাবা-মাও সেগুলো নিয়ে অযথা দুশ্চিন্তা করছে, তা হলে তারা আরও ভয় পেয়ে যায়।
সংবাদমাধ্যমে দেখা খবরগুলো সম্বন্ধে সন্তানরা ভুল ধারণা গড়ে তুলতে পারে। যেমন, কেউ কেউ মনে করে, তাদের দেখা খারাপ ঘটনাগুলো তাদের পরিবারেও ঘটবে। আবার অনেক ছোটো ছেলে-মেয়ে বার বার কোনো খারাপ ঘটনার ভিডিও ফুটেজ দেখে মনে করতে পারে, সেই ঘটনাটা সারাদিন ধরেই ঘটছে।
সন্তানদের পক্ষে এটা বুঝতে অসুবিধা হয় যে, সংবাদমাধ্যমে দেখানো খবরগুলো ততটাও দুঃখজনক নয়, যতটা তুলে ধরা হয়। তারা এটা বুঝতে পারে না যে, নিউজ এজেন্সিগুলো হল ব্যাবসায়িক প্রতিষ্ঠান আর তাই যত বেশি লোক তাদের খবর দেখবে, তত বেশি তারা টাকা উপার্জন করতে পারবে। তাই, খবর যত উত্তেজনাপূর্ণ হবে, লোকে তত তাদের চ্যানেল থেকে খবর দেখার জন্য উৎসুক হয়ে থাকবে।
কীভাবে আপনি আপনার সন্তানদের সাহায্য করতে পারেন, যাতে তারা খবর দেখে ভয় পেয়ে না যায়?
সন্তানদের খারাপ খবরগুলো বেশি দেখতে দেবেন না। এর মানে এই নয়, আপনার সন্তানরা পৃথিবীতে যা-কিছু ঘটছে, সেগুলোর কোনো খবরই রাখবে না। কিন্তু বার বার কোনো দুঃখজনক খবর দেখা তাদের জন্য ভালো নয়।
“কোনো কোনো সময় আমি ও আমার স্বামী কোনো খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার সময় এটা ভুলে যাই যে, আমাদের সন্তানরাও তা শুনছে আর সেটা তাদের পক্ষে শোনা কতই-না দুঃখজনক।”—মারিয়া।
বাইবেলের নীতি: “দুশ্চিন্তা মানুষের হৃদয় ভারী করে।”—হিতোপদেশ ১২:২৫, বাংলা জুবিলি বাইবেল।
ধৈর্য ধরে শুনুন এবং সমবেদনা দেখিয়ে উত্তর দিন। কোনো ঘটনার বিষয়ে বলতে যদি আপনার সন্তানের কষ্ট হয়, তা হলে তাকে সেটার একটা ছবি আঁকতে বলুন। আপনার সন্তান যেটা দেখে ভয় পেয়েছে, সেটা নিয়ে আলোচনা করার সময় এমন শব্দগুলো ব্যবহার করুন, যেটা সে বুঝবে। কিন্তু, খুঁটিনাটি এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন না, যেগুলো তার জানার প্রয়োজন নেই।
“আমরা যখন আমাদের মেয়ের পাশে বসে তার কথা শুনেছিলাম, তখন সে অনেকটা স্বস্তি পেয়েছিল। আমরা যদি তাকে শুধুমাত্র এটা বলতাম, ‘আজকাল এ-রকমটাই ঘটছে আর আমাদের এই পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে,’ তা হলে সে আরও আতঙ্কিত হয়ে পড়ত।”—সারাই।
বাইবেলের নীতি: “শোনার ব্যাপারে ইচ্ছুক এবং কথা বলার ব্যাপারে ধীর হও।”—যাকোব ১:১৯.
সংবাদমাধ্যমের খবরগুলো সম্বন্ধে সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সন্তানদের সাহায্য করুন। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো অপহরণের ঘটনা হয়তো এমন অপরাধমূলক কাজ হিসেবে তুলে ধরা হয়, যেটা বাস্তবে তেমনভাবে ঘটেনি। আপনার সন্তানদের বলুন, তাদের সুরক্ষার জন্য আপনি কোন কোন ব্যবস্থা করেছেন। এ ছাড়া মনে রাখবেন, আমাদের আশেপাশে সচরাচর যে-ঘটনাগুলো ঘটে সেগুলো নয়, বরং ঘটনাটা যখন একটু আলাদা হয়, তখনই তা খবরে আসে।
“সন্তানদের সাহায্য করুন, যাতে তারা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। প্রায়ই, চিন্তা করার ফলে তাদের মধ্যে এই আবেগ দেখা যায়। তাই, আমরা যদি আমাদের সন্তানদের কোনো বিষয়কে স্পষ্টভাবে দেখতে সাহায্য করি, তা হলে তারা স্বস্তি পাবে।”—লুরডাস।
বাইবেলের নীতি: “বিজ্ঞ ব্যক্তির হৃদয় তার মুখকে বোঝার ক্ষমতা দেয় আর তার কথাকে লোকের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলে।”—হিতোপদেশ ১৬:২৩.
a ছোটো ছেলে-মেয়েরা হয়তো আতঙ্কে বিছানা ভিজিয়ে ফেলে কিংবা স্কুলে যেতে চায় না আর বাবা-মায়ের কাছ থেকে দূরে কোথাও যেতে ভয় পায়।

