পরিবারের জন্য সাহায্য | সন্তান লালনপালন

আপনার সন্তানকে পর্নোগ্রাফি থেকে সুরক্ষিত রাখুন

আপনার সন্তানকে পর্নোগ্রাফি থেকে সুরক্ষিত রাখুন

 “আমরা যে পর্নোগ্রাফির বিপদ সম্বন্ধে বুঝতে পারিনি, তা নয়, কিন্তু আমরা এটা বুঝতে পারিনি, এত সহজে আমাদের মেয়ে তা দেখার ফাঁদে পড়ে যাবে।”—নিকোল।

এই প্রবন্ধে রয়েছে

 আপনার যা জানা উচিত

 সন্তান খুব ছোটো বয়সেই পর্নোগ্রাফি দেখার ফাঁদে পড়ে যেতে পারে। গবেষণা দেখায়, এখন মাত্র ১১ বছর বয়সেই বেশিরভাগ শিশু প্রথম পর্নোগ্রাফি দেখে ফেলে।

 ছেলে-মেয়েরা সার্চ না করা সত্ত্বেও পর্নোগ্রাফি দেখে ফেলতে পারে। যেমন, তারা ইন্টারনেটে সাধারণ কোনো কিছু সার্চ করার সময় অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় হঠাৎ করে পর্নোগ্রাফি দেখে ফেলতে পারে। অনলাইনে ভিডিও গেম খেলার সময় আচমকা পর্নোগ্রাফির কিছু বিজ্ঞাপন এসে যেতে পারে। পর্নোগ্রাফি বিভিন্নভাবে আসতে পারে আর সবচেয়ে সাধারণ হল ফোটো ও ভিডিওর মাধ্যমে। এ ছাড়া, যৌন উত্তেজক গল্পগুলো সহজেই ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়, যেগুলো একজন পড়তে পারে অথবা সেগুলোর অডিও রেকর্ডিং শুনতে পারে।

 বাবা-মায়েদের আরেকটা বিষয়েও সতর্ক থাকতে হবে আর তা হল, কেউ তাদের সন্তানদের ফোনে যৌন উত্তেজক ম্যাসেজ পাঠাতে পারে। ৯০০ জন অল্পবয়সির উপর করা একটা সমীক্ষা অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ মেয়ে এবং প্রায় ৫০ শতাংশ ছেলেকে তাদের সহপাঠীরা নিয়মিতভাবে ফোনে নগ্ন ছবি ও ভিডিও পাঠায়।

 সহজেই পাওয়া যায় এমন পর্নোগ্রাফি প্রায়ই দৌরাত্ম্যমূলক হয়। সবচেয়ে জনপ্রিয় এবং সহজেই পাওয়া যায় এমন পর্নোগ্রাফিগুলোতে প্রায়ই দৌরাত্ম্য দেখানো হয়, বিশেষ করে মেয়েদের প্রতি।

 পর্নোগ্রাফি সন্তানদের ক্ষতি করে। গবেষণা দেখায়, যে-সন্তানেরা পর্নোগ্রাফি দেখে ফেলে, তারা সাধারণত:

  •   স্কুলে খারাপ রেজাল্ট করে

  •   উদ্‌বিগ্নতা ও অবসাদে ভোগে আর নিজেদের অযোগ্য বলে মনে করে

  •   জোর করে অন্যদের সঙ্গে যৌন কাজ করা খুবই সাধারণ বিষয় বলে মনে করে

 আমরা যা শিখি: ছেলে-মেয়েরা যদি পর্নোগ্রাফি দেখে, তা হলে এটা তাদের উপর খারাপ প্রভাব ফেলে আর বাবা-মায়েরাই এর হাত থেকে তাদের সুরক্ষিত রাখতে পারে।

 বাইবেলের নীতি: “আজ আমি তোমাকে যে-আজ্ঞাগুলো দিচ্ছি, সেগুলো যেন তোমার হৃদয়ে থাকে। আর তুমি তোমার ছেলেদের মনে এগুলো গেঁথে দেবে আর ঘরে বসার সময়, রাস্তায় চলার সময়, শোয়ার সময় এবং ওঠার সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।”—দ্বিতীয় বিবরণ ৬:৬, ৭.

 যেভাবে আপনার সন্তানকে পর্নোগ্রাফি থেকে সুরক্ষিত রাখবেন

 নিজে জানুন। চিন্তা করুন, আপনার সন্তান কখন ও কোথায় পর্নোগ্রাফির ফাঁদে পড়ে যেতে পারে। যেমন, সে কি স্কুলে টিফিনের সময় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পায়?

আপনার সন্তান বিভিন্ন উৎস থেকে পর্নোগ্রাফির ফাঁদে পড়তে পারে।

 জানুন, তার ফোনে এমন কোন কোন ফিচার রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি তার ফোনকে নিয়ন্ত্রণ করতে পারেন। এ ছাড়া এও জানুন, সে কোন কোন অ্যাপ ব্যবহার করে এবং গেম খেলে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো কোনো ম্যাসেজিং অ্যাপে “ডিসঅ্যাপেয়ারিং” ম্যাসেজ ফাংশন থাকে, যেটা থাকার ফলে যৌন উত্তেজক ম্যাসেজ, ছবি অথবা ভিডিও অল্প সময় পরেই ফোন থেকে উধাও হয়ে যায়। দিন দিন এমন অনলাইন গেমের সংখ্যা বেড়ে চলেছে, যেখানে খেলোয়াড়রা পর্নোগ্রাফি দেখতে পারে এবং গেমের মধ্যেই মনে করে, তারা যৌন কাজে লিপ্ত রয়েছে।

 “আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি: আপনার সন্তানের কাছে যদি একটা স্মার্টফোন থাকে, তা হলে বাবা-মা হিসেবে জানুন, কীভাবে তা ব্যবহার করতে হয়, সে যে-ওয়েবসাইটগুলো ভিজিট করছে, তা নিয়ন্ত্রণ করার জন্য কোন সেটিংসে যেতে হয় আর কীভাবে চেক করতে হয় যে, আপনার সন্তান তার ফোনে কী করছে।”ডেভিড।

 বাইবেলের নীতি: “যার বোঝার ক্ষমতা রয়েছে, তার হৃদয় জ্ঞান অর্জন করে।”—হিতোপদেশ ১৮:১৫.

 আপনার সন্তান যাতে পর্নোগ্রাফি দেখতে, পড়তে কিংবা শুনতে না পারে, সেইজন্য যথাসাধ্য করুন। তাদের এই ঝুঁকির হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। যেমন, আপনার সন্তানের ফোন আর সেইসঙ্গে বাড়িতে থাকা সমস্ত ডিভাইসের সেটিংস এমনভাবে সেট করুন, যাতে কোনোভাবেই পর্নোগ্রাফির বিষয়বস্তু দেখা না যায়। পেরেন্টাল কনট্রোল অ্যাপ (এমন একটা অ্যাপ, যেটার সাহায্যে বাবা-মায়েরা তাদের সন্তানের ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারে) সেট করুন। সন্তান যে-সমস্ত পাসওয়ার্ড ব্যবহার করে, সেগুলো জানুন।

 “আমি এই কাজগুলো করে খুবই উপকৃত হয়েছি, যেমন আমি আমাদের ডিভাইসে পেরেন্টাল কনট্রোল অ্যাপ রেখেছি, আমাদের স্মার্ট টিভি (যেটাতে ইন্টারনেট কানেকশন রয়েছে) এমনভাবে সেট করে রেখেছি, যাতে আমার ছেলে সমস্ত প্রোগ্রাম দেখতে না পায় আর তার স্মার্টফোনের পাসওয়ার্ডও জেনে রেখেছি।”—মওরিজিও।

 “আমি আমার ছেলেদের ঘরের দরজা বন্ধ করে ভিডিও দেখার অনুমতি দিই না। ঘুমাতে যাওয়ার সময় আমি ফোন নিয়ে শোওয়ার অনুমতি দিই না।”—জানলুকা।

 বাইবেলের নীতি: “সতর্ক ব্যক্তি বিপদ দেখে নিজেকে লুকোয়।”—হিতোপদেশ ২২:৩.

 সন্তানকে শেখান, পর্নোগ্রাফির ফাঁদে পড়লে সে কী করবে। ফ্ল্যাভিয়া নামে একজন মা স্বীকার করেন, “কোনো কোনো বাবা-মা মনে করে, তাদের সন্তানরা কখনোই পর্নোগ্রাফি দেখার ফাঁদে পড়বে না আর তাই তারা তাদের এই সম্বন্ধে কিছু বলতে চায় না।” আবার অন্যেরা এটা ভেবে দুশ্চিন্তা করে যে, ‘আমরা যদি এই বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলি, তা হলে তারা তা খুঁজতে শুরু করবে।’ এই ধরনের চিন্তাভাবনা বিপদজনক। অভিজ্ঞ বাবা-মায়েরা পর্নোগ্রাফির ফাঁদে পড়ার আগেই তাদের সন্তানদের এর বিপদ সম্বন্ধে শিক্ষা দেয়। আপনি কীভাবে তা করতে পারেন?

 আপনার ছোটো সন্তানদের শেখান, তাদের চোখের সামনে যদি যৌন উত্তেজক কিছু চলে আসে, তা হলে তাদের কী করা উচিত। যেমন, তারা হয়তো চোখ বন্ধ করে নিতে পারে কিংবা ডিভাইস বন্ধ করে দিতে পারে। আর সেইসঙ্গে তাদের এও বলুন, তারা যা দেখেছে বা শুনেছে, সেই বিষয়ে যেন আপনাকে জানায়। a

 “আমাদের ছেলে যখন খুব ছোটো ছিল, তখন থেকেই আমরা তাকে পর্নোগ্রাফির বিপদ সম্বন্ধে বলতে শুরু করি। ১১ বছর বয়সে সে যখন তার ফোনে একটা গেম খেলছিল, তখন সেটাতে পর্নোগ্রাফির বিজ্ঞাপন আসতে শুরু করে। সেই বিজ্ঞাপনে বলা হয়, সে যেন তার একটা ছবি পাঠায়। যেহেতু আমরা ইতিমধ্যেই তার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম, তাই সে সঙ্গেসঙ্গে আমার কাছে আসে আর আমাকে সব কিছু খুলে বলে।”মওরিজিও।

 বাইবেলের নীতি: “শিশুকে সেই পথে চলতে শেখাও, যে পথে তার চলা উচিত, সে বৃদ্ধ হয়ে গেলেও সেই পথ থেকে সরে যাবে না।”—হিতোপদেশ ২২:৬, পাদটীকা।

 একটু বড়ো বয়সের সন্তানদের সাহায্য করুন, তারা যাতে পর্নোগ্রাফি দেখার, সেই ধরনের বইপত্র পড়ার কিংবা অডিও শোনার প্রলোভনকে প্রতিরোধ করতে পারে। যেমন, আপনি তাকে পরিবারের এই নিয়মটা লিখে রাখতে বলতে পারেন যে, তার সামনে যদি কোনো পর্নোগ্রাফি চলে আসে, তা হলে সে কী করবে আর কেন সে তা করবে। সেই নিয়মে এটাও লিখে রাখতে বলতে পারেন, ইচ্ছাকৃতভাবে পর্নোগ্রাফি দেখলে তাকে কোন কোন পরিণতি ভোগ করতে হবে, যেমন আত্মসম্মান হারানো, বাবা-মায়ের আস্থা হারানো এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নষ্ট করা। b

 “সন্তানরা যত বড়ো হতে থাকে, তত তাদের সাহায্য করুন, যাতে তারা ক্ষণিকের পর্নোগ্রাফি দেখার প্রলোভনে পা না দিয়ে বরং এর পরিণতি কী হতে পারে, তা নিয়ে চিন্তা করে।”—লরেটা।

 “আমাদের সন্তানরা যদি এটা বোঝে যে, পর্নোগ্রাফি দেখা কেবলমাত্র বিপদজনকই নয়, কিন্তু যিহোবা এটাকে কোন দৃষ্টিতে দেখেন, তা হলে তারা সহজেই এর প্রলোভন আটকাতে পারবে।”ডেভিড।

 বাইবেলের নীতি: ‘প্রজ্ঞা সুরক্ষা জোগায়।’—উপদেশক ৭:১২.

 নিয়মিতভাবে তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলুন। এটা শুনতে অবিশ্বাস্য বলে মনে হলেও, সন্তানেরা আসলে তাদের বাবা-মায়ের সঙ্গে পর্নোগ্রাফির মতো যৌন বিষয় নিয়ে কথা বলতে চায়। চিলড্রেন্‌স কমিশনার ফর ইংল্যান্ড-এর এক সম্মাননীয় মহিলা রেচেল ডি সুজা বলেন, “[ছোটোরা চায়] আমরা যেনখুব ছোটো থেকে আর প্রায় প্রায়ই তাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলি।” ছেলে-মেয়েরা চায়, আমরা যেন তাদের বয়স অনুযায়ী তাদের সঙ্গে এই নিয়ে কথা বলি। তারা যত বড়ো হতে থাকে, তারা আমাদের কাছ থেকে সেই একই বিষয়ে আরও বেশি কিছু জানতে চায়।

 “কিছু বিষয় রয়েছে, যেগুলো নিয়ে ছেলেবেলায় আমার বাবা-মা কখনো আমার সঙ্গে আলোচনা করেনি। আমার মনে হয়, সেগুলো নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করলে খুবই ভালো হত। এখন আমি নিজে একজন মা আর আমি আমার সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ উপায়ে যৌনতার বিষয় নিয়ে প্রায়ই আলোচনা করি।”—ফ্ল্যাভিয়া।

 আপনার সন্তান যদি পর্নোগ্রাফি দেখার ফাঁদে পড়ে যায়

 শান্ত থাকুন। আপনি যদি জানতে পারেন, আপনার সন্তান পর্নোগ্রাফির সঙ্গে জড়িত কিছু দেখেছে, শুনেছে কিংবা পড়েছে, তা হলে রেগে যাবেন না। যা ঘটেছে, সেটার জন্য সে হয়তো ইতিমধ্যেই মনমরা হয়ে আছে, ভয় পেয়ে গেছে অথবা অপরাধবোধে ভুগছে। আপনি যদি রেগে যান, তা হলে পরিস্থিতি আরও খারাপ হবে আর ভবিষ্যতে আবার এ-রকম কোনো ঘটনা ঘটলে সে হয়তো আপনার কাছে আসতে চাইবে না।

 বাইবেলের নীতি: “যার জ্ঞান রয়েছে, সে তার কথাকে নিয়ন্ত্রণ করে আর বিচক্ষণ ব্যক্তি শান্ত থাকবে।”—হিতোপদেশ ১৭:২৭.

 আসল ঘটনাটা জানুন। কী ঘটেছে, তা অনুমান করার পরিবর্তে আপনার সন্তানের কাছ থেকে জানতে চান, পর্নোগ্রাফির সেই বিষয়টা তার সামনে এল কীভাবে। যেমন, কেউ কি তাকে কোনো ছবি পাঠিয়েছে, না কি সে কিছু সার্চ করতে গিয়ে তা দেখে ফেলেছে? এটা কি প্রথম বার ঘটেছে, না কি এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে? সে যে ডিভাইস ব্যবহার করছিল, সেটাতে কি কনটেন্ট ফিল্টার অর্থাৎ আপত্তিকর ইন্টারনেট বিষয়বস্তু ব্লক করা আছে অথবা পেরেন্টাল কনট্রোল অ্যাপ ইনস্টল করা আছে? যদি থাকে, তা হলে সে কি বাবা-মায়ের চোখের আড়ালে এমন কিছু করেছিল, যাতে সে পর্নোগ্রাফি খুঁজে পেতে পারে? মনে রাখবেন, আপনার লক্ষ্য হল, সে যেন মন খুলে আপনার সঙ্গে কথা বলে আর তাই তাকে জেরা করবেন না।

 বাইবেলের নীতি: “মানুষের হৃদয়ের চিন্তাভাবনা গভীর জলের মতো, কিন্তু বিচক্ষণ ব্যক্তি তা তুলে আনে।”—হিতোপদেশ ২০:৫.

 পদক্ষেপ নিন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনার সন্তান যদি হঠাৎ করে পর্নোগ্রাফি দেখে ফেলে, তা হলে আপনাকে হয়তো তার ফোনে ইনস্টল করা পেরেন্টাল কনট্রোল অ্যাপ এবং ফিল্টারে কিছু রদবদল করতে হতে পারে।

 আপনি যদি জানতে পারেন, সে পর্নোগ্রাফি সার্চ করেছিল, তা হলে তাকে প্রেমের সঙ্গে অথচ দৃঢ়ভাবে শাসন করুন। গীতসংহিতা ৯৭:১০ এবং ১০১:৩-এর মতো বাইবেলের শাস্ত্রপদ নিয়ে আপনার সন্তানের সঙ্গে যুক্তি করুন আর এভাবে তাকে সাহায্য করুন, যাতে সে পর্নোগ্রাফিকে ঘৃণা করতে পারে। c এ ছাড়া, তাকে জানান, সে এই বিষয়ে কতটা উন্নতি করল এবং তার আর কোনো সাহায্য লাগবে কি না, তা নিয়ে আপনি প্রতি সপ্তাহে তার সঙ্গে কথা বলবেন।

 বাইবেলের নীতি: “তোমরা নিজ নিজ সন্তানদের বিরক্ত করে তুলো না, বরং যিহোবার শাসনে ও উপদেশে তাদের মানুষ করে তোলো।”—ইফিষীয় ৬:৪.

a কীভাবে আপনি বয়স অনুযায়ী আপনার সন্তানের সঙ্গে যৌনতার বিষয় নিয়ে কথা বলতে পারেন, সেই বিষয়ে পরামর্শের জন্য “How Can Parents Teach Their Children About Sex?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।

b নিয়মের মধ্যে আর কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেই বিষয়ে আরও তথ্যের জন্য “How to Reject Pornography”-র ওয়ার্কশিট দেখুন।

c এ ছাড়া, আপনারা একসঙ্গে “Why Reject Pornography?” নামক প্রবন্ধ নিয়েও আলোচনা করতে পারেন।