যুবক-যুবতীদের জিজ্ঞাস্য

সেক্সটিং সম্বন্ধে আমার কী জানা উচিত?

বাংলা
সেক্সটিং সম্বন্ধে আমার কী জানা উচিত?
https://cms-imgp.jw-cdn.org/img/p/502013360/univ/art/502013360_univ_sqr_xl.jpg
ijwyp প্রবন্ধ ২৪

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য

সেক্সটিং সম্বন্ধে আমার কী জানা উচিত?

সেক্সটিং সম্বন্ধে আমার কী জানা উচিত?

 সেক্সটিং কী?

 মোবাইলের মাধ্যমে যৌন উদ্দীপনা জাগিয়ে তোলে এমন মেসেজ, ছবি অথবা ভিডিও পাঠানোকে “সেক্সটিং” বলে। এই বিষয়ে একজন ব্যক্তি বলেন, “আজকের দিনে এটা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রথমে দু-জন ব্যক্তি হয়তো একে অপরকে সাধারণ মেসেজ পাঠায় আর এরপর ধীরে ধীরে তারা অশ্লীল ছবিগুলো একে অপরকে পাঠাতে শুরু করে।”

 লোকেরা কেন এটা করে? দ্যা নিউ ইয়র্ক টাইমস্‌ পত্রিকায় একজন অভিজ্ঞ উকিল এই বিষয়ে মন্তব্য করেছেন। তার কথা অনুযায়ী কিছু অল্পবয়সি বিষয়টাকে এইভাবে দেখে: “তুমি যখন তোমার মোবাইলে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের নগ্ন ছবি রাখ, তখন তুমি এটাই দেখানোর চেষ্টা কর যে, তুমি যৌন সম্পর্ক করার জন্য প্রস্তুত আছ।” একজন কিশোরী বলে, “এটা সেক্স করার এক নিরাপদ উপায়। এর দ্বারা তুমি অন্তত গর্ভবতী হবে না অথবা যৌন সংক্রামক রোগও ছড়াবে না।”

 অল্পবয়সিরা কেন সেক্সটিং করতে পছন্দ করে, সেটার আরও কিছু কারণ:

  •   কারো সঙ্গে ফ্লার্ট করার জন্য, যাতে তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা যায়।

  •   কেউ হয়তো ইতিমধ্যেই কাউকে কোনো অশ্লীল ছবি পাঠিয়েছে, তাই তাকেও কিছু অশ্লীল ছবি পাঠাতে হবে।

 সেক্সটিং-এর পরিণতি কী?

 একবার তুমি যদি মোবাইলের মাধ্যমে কোনো ছবি পাঠিয়ে দাও, তা হলে সেই ছবিটা কীভাবে ব্যবহার করা হবে আর এটা তোমার নামের উপর কেমন প্রভাব ফেলবে, সেটার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। অ্যামান্ডা লেনহার্ট, যিনি পিউ রিসার্চ সেন্টারের একজন অভিজ্ঞ গবেষক এবং লেখক, তিনি সেক্সটিং সম্বন্ধে বলেন: “আজকাল এর মাধ্যমে আপনি সহজেই অশ্লীল মেসেজ, ছবি বা ভিডিও পাঠাতে পারেন। কিন্তু, এগুলোর প্রমাণ অন্যদের কাছে সবসময় থেকে যাবে, আপনি চাইলেও সেগুলোকে মুছে ফেলতে পারবেন না।”

 কিছু কিছু ক্ষেত্রে

  •    নগ্ন ছবিগুলো যাদের পাঠানো হয়, তারা মজা করার জন্য সেই ছবিগুলো তাদের বন্ধুদের পাঠিয়ে দেয় আর এভাবে সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে।

  •    কিছু ছেলে তাদের ভেঙে যাওয়া সম্পর্কের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের গার্লফ্রেন্ডের নগ্ন ছবি অন্যদের পাঠিয়ে দেয়।

 তুমি কি জান? অনেক ক্ষেত্রে নগ্ন ছবি পাঠানোকে শিশুদের উপর যৌন নির্যাতন এবং শিশুদের অশ্লীল ছবিগুলো (চাইল্ড পর্ণোগ্রাফি) অন্যদের পাঠানোর মতো অপরাধ হিসেবে দেখা হয়। সেক্সটিং করার জন্য সরকারি কর্তৃপক্ষ কিছু কিশোর-কিশোরীদের যৌন অপরাধী হিসেবে অভিযুক্ত করেছে।

 বাইবেল কী বলে?

 বাইবেল কেবলমাত্র বিবাহের মধ্যে যৌন সম্পর্ককে উপভোগ করতে বলে। (হিতোপদেশ ৫:১৮) কিন্তু, অবিবাহিত ব্যক্তিদের মধ্যে যৌন সম্পর্ক করাকে বাইবেল সমর্থন করে না। কয়েকটা বাইবেলের পদ বিবেচনা কর:

  •   “যৌন অনৈতিকতা এবং কোনো ধরনের অশুচিতা বা লোভের বিষয় নিয়ে তোমাদের মধ্যে যেন কথাও না হয় … কিংবা লজ্জাজনক আচরণ, আজেবাজে কথাবার্তা এবং নোংরা রসিকতা যেন তোমাদের মধ্যে না হয়।”—ইফিষীয় ৫:৩, ৪.

  •   “তোমাদের পার্থিব দেহের অঙ্গ-প্রতঙ্গে যে-সমস্ত প্রবণতা প্রকাশ পায়, সেগুলো পুরোপুরি দূর করে ফেলো, যেন তোমরা যৌন অনৈতিকতায় জড়িয়ে না পড়, অশুচি কাজ না কর, চরম যৌন আকাঙ্ক্ষার বশবর্তী না হও, মন্দ বিষয়গুলো নিয়ে চিন্তা না কর এবং লোভী হয়ে না পড়।”—কলসীয় ৩:৫.

 এই পদগুলো আমাদের “যৌন অনৈতিকতা,” (বিয়ের বাইরে কারো সঙ্গে যৌন সম্পর্ক করা) “অশুচি কাজ” (অর্থাৎ সমস্ত ধরনের অনৈতিক কাজ) এবং “চরম যৌন আকাঙ্ক্ষার বশবর্তী” (এটা স্বামী-স্ত্রীর মধ্যে থাকা সাধারণ রোমান্টিক অনুভূতিকে বোঝায় না বরং এটা এমন যৌন আকাঙ্ক্ষাকে বোঝায়, যেটা একজনকে অনৈতিক কাজ করার দিকে পরিচালিত করতে পারে) হওয়া থেকে সতর্ক করে।

 নিজেকে জিজ্ঞেস কর:

  •   কাউকে নগ্ন ছবি পাঠানো কেন “অশুচি কাজ”?

  •   এটা কীভাবে একজনের মধ্যে “চরম যৌন আকাঙ্ক্ষা” জাগিয়ে তোলে?

  •   নগ্ন ছবি দেখা এবং সেটা কাউকে পাঠানো কেন “মন্দ” বা ক্ষতিকারক?

 পরবর্তী বাইবেলের পদগুলো সেক্সটিং না করার পিছনে আরও জোরালো কারণ দেয়।

  •   “তুমি নিজেকে ঈশ্বরের অনুমোদিত ব্যক্তি হিসেবে তুলে ধরার জন্য যথাসাধ্য করো অর্থাৎ এমন কর্মী হও, যার কোনো বিষয়ে লজ্জা করার প্রয়োজন নেই।”—২ তীমথিয় ২:১৫.

  •    “তোমাদের কী ধরনের ব্যক্তি হওয়া উচিত! তোমাদের পবিত্র আচরণ করা উচিত এবং ঈশ্বরের প্রতি তোমাদের যে ভক্তি রয়েছে, তা কাজের মাধ্যমে প্রমাণ করা উচিত!”—২ পিতর ৩:১১.

 এই শাস্ত্রপদগুলো নৈতিকভাবে শুদ্ধ থাকার বিষয়ে ভালো ফলগুলোর কথা উল্লেখ করে। তুমি যদি উত্তম আচরণ বজায় রাখ, তা হলে তুমি এমন কোনো কাজ করবে না, যার জন্য পরে তোমাকে আপশোস করতে হবে।—গালাতীয় ৬:৭.

 নিজেকে জিজ্ঞেস কর:

  •    আমি আসলে কেমন ব্যক্তি?

  •    আমি কি অন্যদের সুনামের বিষয়টা নিয়ে চিন্তা করি?

  •    আমি কি এমন কিছু বিষয় নিয়ে মজা করতে চাই, যেটা অন্যদের আঘাত দেবে?

  •    সেক্সটিং কীভাবে আমার সুনাম নষ্ট করে দিতে পারে?

  •    সেক্সটিং কীভাবে আমার প্রতি আমার বাবা-মায়ের বিশ্বাস নষ্ট করে দিতে পারে?

 সত্য ঘটনা “আমার একজন বন্ধু আছে, যে গোপনে একটি ছেলের সঙ্গে সম্পর্ক রেখেছিল। আমার বন্ধু একদিন, সেই ছেলেটাকে নিজের নগ্ন ছবি পাঠায় এবং সেই ছেলেটাও ঠিক একই কাজ করে। এর মাত্র দু-দিন পরই, আমার বন্ধুর বাবা ওর ফোন চেক করে এবং ওর সমস্ত মেসেজ দেখে ফেলে। এগুলো দেখে ওর বাবা একেবারে ভেঙে পরে। ওর বাবা ওকে এই বিষয়ে প্রশ্ন করে আর ও সব কিছু বলে দেয়। আমি জানি আমার বন্ধু যা করেছে, সেটার জন্য ও খুবই লজ্জিত। কিন্তু, ওর বাবা-মা এটা বিশ্বাসই করতে পারছিল না যে, ও এই রকম কাজ করতে পারে। তারা সত্যিই খুব কষ্ট পেয়েছিল! তারা বুঝতে পারছিল না যে, তারা আর কোনোদিন তাদের মেয়েকে বিশ্বাস করতে পারবে কি না।”

 জীবনের বাস্তবতা: যারা সেক্সটিং করে এবং যারা দেখে, তারা উভয়ই নিজেদের সম্মান হারিয়ে ফেলে। একজন কিশোরী, যার বয়ফ্রেন্ড তাকে সেক্সটিং করার জন্য চাপ দিয়েছিল, সে বলে: “আমি নিজেকে ঘৃণা করতে শুরু করেছিলাম এবং আমার নিজেকে খুব ছোটো বলে মনে হয়েছিল।”

 সেক্সটিং তোমার এবং অন্যদের উপরও এক খারাপ প্রভাব ফেলতে পারে। এর পাশাপাশি, তোমার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। এই ক্ষেত্রে নীচে দেওয়া বাইবেলের পরামর্শগুলো তোমাকে সাহায্য করবে:

 তুমি কী করবে?

 একটা বাস্তব পরিস্থিতিতে বাইবেলের পরামর্শ কাজে লাগাও। জ্যানেটের কথাগুলো পড়ো এবং দেখো, কোন অপশনটা তোমার সবচেয়ে বেশি ঠিক বলে মনে হয়।

 “একবার একটা ছেলের সঙ্গে আমার দেখা হয় এবং আমরা একে অপরকে নিজেদের ফোন নম্বর দিই। এক সপ্তাহ পরেই, সে আমাকে বিকিনি পরে একটা ছবি পাঠাতে বলে।”—জ্যানেট।

 জ্যানেটের কী করা উচিত ছিল বলে তোমার মনে হয়? তুমি তার জায়গায় থাকলে কী করতে?

  •  অপশন “ক” তুমি হয়তো চিন্তা করতে পার: ‘এতে কোনো অন্যায় নেই। আমরা যদি কখনো সমুদ্র সৈকতে যাই, তা হলে ও তো আমাকে এই পোশাকেই দেখবে।’

  •  অপশন “খ” তুমি হয়তো চিন্তা করতে পার: ‘আমি ঠিক বুঝতে পারছি না, ওর মনের মধ্যে কী চলছে। আমি প্রথমে ওকে একটা সাধারণ পোশাক পরে ছবি পাঠাই আর দেখি, কী হয়।’

  •  অপশন “গ” তুমি হয়তো চিন্তা করতে পার: ‘আমি বুঝতে পারছি, ছেলেটা শুধু যৌন সম্পর্কের প্রতি আগ্রহী। আমি ওর মেসেজটাই ডিলিট করে দেব।’

 শেষ অপশনটাই সবচেয়ে ভালো, তা-ই না? কারণ বাইবেল বলে: “সতর্ক ব্যক্তি বিপদ দেখে নিজেকে লুকোয়, কিন্তু অনভিজ্ঞ ব্যক্তি এগিয়ে গিয়ে পরিণতি ভোগ করে।”—হিতোপদেশ ২২:৩.

 এই উদাহরণ থেকে বোঝা যায় যে, সেক্সটিং এবং অন্য খারাপ কাজগুলো প্রায়ই বন্ধুত্ব করা থেকে শুরু হয়। তাই প্রশ্ন হল, তুমি কি ভেবে-চিন্তে তোমার বন্ধু বাছাই কর? (হিতোপদেশ ১৩:২০) সারা নামে একজন যুবতী বলে, “তুমি এমন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব কর, যারা কোনো ধরনের অনৈতিক কাজকে প্রশ্রয় দেয় না।” ডিলিয়া নামে একজন যুবতী এই বিষয়ে একমত। সে বলে, “এমন কিছু ব্যক্তি রয়েছে, যারা নিজেদের বন্ধু বলে দাবি করে, কিন্তু তারা তোমাকে তোমার নৈতিক মান বজায় রাখতে সাহায্য করবে না বরং তারা সেটা ভেঙে ফেলার চেষ্টা করবে। তাদের আচরণ যদি ঈশ্বরের আইনের বিরুদ্ধে হয়, তা হলে তারা তোমার নৈতিক মানকে ভেঙে ফেলার চেষ্টা করবে। তুমি কি সেটাই চাও?”