যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
কীভাবে আমি ব্রেকাপের কষ্ট কাটিয়ে উঠতে পারি?
স্টিভেন বলে, “আমার গার্লফ্রেন্ড এর সঙ্গে ব্রেকাপ হওয়ার পর আমার মনে হয়েছিল যেন সব কিছু শেষ হয়ে গিয়েছে। এই কষ্ট সহ্য করা আমার পক্ষে খুবই কঠিন ছিল।”
তোমার সঙ্গেও কি এমনটা হয়েছে? যদি হয়ে থাকে, তা হলে এই প্রবন্ধটা তোমাকে সাহায্য করবে।
ব্রেকাপ হলে মনের অবস্থা কেমন হয়
ব্রেকাপ হলে ছেলে এবং মেয়ে দু-জনেই খুব কষ্ট পায়।
ব্রেকাপ যদি তোমার পক্ষ থেকে হয়, তা হলে তুমি হয়তো জেসমিনের অনুভূতি বুঝতে পারবে। সে বলে, ’আমি কাউকে কষ্ট দিয়েছি’, এই কথাটা মনের মধ্যে বার বার ঘুরতে থাকে। এই অনুভূতিটা এক ভারী বোঝার মতো, আমি আর কখনো এমন বোঝা বইতে চাইব না।”
ব্রেকাপ যখন অন্য পক্ষ থেকে হয়, তখন কেউ কেউ এমন কষ্ট পায় যেন সে তার প্রিয়জনকে মৃত্যুতে হারিয়েছে। জেনেট নামে এক মেয়ে বলে, “ব্রেকাপের পর আমি যেন এক শোকের মধ্য দিয়ে যাচ্ছিলাম। প্রথমে আমি মেনে নিতেই পারিনি যে, সে আমাকে ছেড়ে দিয়েছে। আমি রেগে যাই, পরে মিটমাট করারও চেষ্টা করি, একসময় আমি ভেঙে পড়ি। আমাদের যে ব্রেকাপ হয়ে গিয়েছে, এটা মেনে নিতে আমার প্রায় এক বছর সময় লেগে গিয়েছিল।”
মূল কথা: ব্রেকাপ হলে তোমার সমস্ত আনন্দ হারিয়ে যেতে পারে আর তুমি হতাশ হয়ে পড়তে পার। বাইবেলের একজন লেখক বলেন, “চূর্ণবিচূর্ণ হওয়া মন শক্তি শুষে নেয়।”—হিতোপদেশ ১৭:২২.
তুমি যা করতে পারো
তোমার অনুভূতি বুঝবে এমন অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা বলো। বাইবেল বলে: “প্রকৃত বন্ধু সবসময় ভালোবাসা দেখায় আর সে বিপদের সময়ে নিজের ভাই বলে প্রমাণিত হয়।” (হিতোপদেশ ১৭:১৭) তুমি তোমার বাবা-মা অথবা অভিজ্ঞ ও পরিপক্ব কোনো বন্ধুর কাছে মনের কথা খুলে বললে তারা তোমাকে বিষয়টা সঠিক উপায়ে দেখতে সাহায্য করবে।
“বেশ কয়েক মাস আমি সবার কাছ থেকে দূরে দূরে ছিলাম। আমার মনের মধ্যে কী চলছে, সেই বিষয়ে কারো কাছে কিছুই বলিনি। আসলে, এমন কষ্টের অনুভূতি কাটিয়ে উঠতে বন্ধুরা সাহায্য করতে পারে। তাই, আমি যখন বন্ধুদের কাছে আমার মনের কথা খুলে বলি, তখন আমার মন হালকা হয়ে যায়।”—জেনেট।
যা ঘটেছে, তা থেকে শেখো। বাইবেল বলে: “প্রজ্ঞা অর্জন করো, বোঝার ক্ষমতা অর্জন করো।” (হিতোপদেশ ৪:৫) যেকোনো খারাপ অভিজ্ঞতা, আমাদের নিজেকে আরও ভালোভাবে জানতে এবং সেই হতাশাজনক পরিস্থিতি কীভাবে সামলে ওঠা যায়, তা শিখতে সাহায্য করে।
“ব্রেকাপের পর আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করে, ‘এই সম্পর্কটা থেকে তুমি কী শিখেছ? যা শিখেছ, সেটা পরের বার ডেটিং করার সময় তুমি কি কাজে লাগাতে পারবে?’”—স্টিভেন।
প্রার্থনা করো। বাইবেল বলে: “যিহোবার উপর তোমার বোঝা ফেলে দাও, তিনি তোমাকে ধরে রাখবেন।” (গীতসংহিতা ৫৫:২২) প্রার্থনা তোমাকে তোমার কষ্টের অনুভূতি কাটিয়ে উঠতে এবং ব্রেকাপের এই অভিজ্ঞতাটা এক ভিন্ন দৃষ্টিতে দেখতে সাহায্য করবে।
“সবসময় প্রার্থনা করতে থাকো। যিহোবা তোমার কষ্ট বোঝেন আর তিনি তোমার পরিস্থিতি সম্বন্ধে তোমার চেয়েও আরও ভালো জানেন।”—মারসিয়া।
অন্যদের সাহায্য করো। বাইবেল বলে: “কেবল নিজেদের বিষয়ে চিন্তা কোরো না, কিন্তু অন্যের প্রতিও চিন্তা দেখাও।” (ফিলিপীয় ২:৪) অন্যদের সাহায্য করার জন্য তুমি যত বেশি ব্যস্ত থাকবে, ব্রেকাপের কারণে পাওয়া কষ্ট থেকে তত তাড়াতাড়ি তুমি বের হয়ে আসতে পারবে।
“ব্রেকাপ হলে মনে হয় যেন সবকিছু শেষ হয়ে গিয়েছে। মন ভেঙে যাওয়ার যে কষ্ট, তা শারীরিক কষ্টের চেয়ে আরও গভীর হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই কষ্টও একদিন ঠিক হয়ে যায়।”—এভিলিন।

