বাংলা
অনলাইনে ফোটো শেয়ার করার বিষয়ে আমার কী জানা উচিত?
https://cms-imgp.jw-cdn.org/img/p/502017138/univ/art/502017138_univ_sqr_xl.jpg
ijwyp প্রবন্ধ ৬৭

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য

অনলাইনে ফোটো শেয়ার করার বিষয়ে আমার কী জানা উচিত?

অনলাইনে ফোটো শেয়ার করার বিষয়ে আমার কী জানা উচিত?

 তুমি একটা দারুণ ছুটি কাটাচ্ছ আর তুমি তোমার বন্ধুদের এই বিষয়ে বলতে চাও। কিন্তু, কীভাবে বলবে? তুমি কি

  1.   প্রত্যেককে একটা করে পোস্টকার্ড পাঠাবে?

  2.   তোমার সমস্ত বন্ধুকে ই-মেইল পাঠাবে?

  3.   অনলাইনে ফোটো পোস্ট করবে?

 তোমার দাদু-দিদিমা যখন তোমার বয়সি ছিলেন, তখন তারা হয়তো শুধুমাত্র প্রথম অপশনটা বেছে নিতে পারতেন।

 তোমার বাবা-মা যখন তোমার বয়সি ছিলেন, তখন তারা সম্ভবত দ্বিতীয় অপশনটা বেছে নিতেন।

 আজকে অনেক অল্পবয়সি তৃতীয় অপশনটা অর্থাৎ অনলাইনে ফোটো পোস্ট করতে বেশি পছন্দ করে। তুমিও কি সেটাই পছন্দ কর? যদি তা-ই হয়, তা হলে এই প্রবন্ধটা তোমাকে এই বিষয়ে কিছু বিপদ এড়াতে সাহায্য করবে।

 এর কিছু উপকার কী?

 এটা সঙ্গেসঙ্গে করা যায়। “আমি যখন কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাই অথবা বন্ধুদের সঙ্গে সময় কাটাই, তখন আমি আমার অভিজ্ঞতাগুলো সঙ্গেসঙ্গে ফোটোর মাধ্যমে শেয়ার করতে পারি।”—মেলানি।

 এটা খুব সহজে করা যায়। “আমার বন্ধুদের বিষয়ে আপডেট পাওয়ার জন্য ই-মেইল খুলে চেক করার চেয়ে অনলাইনে তারা যে-ফোটোগুলো পোস্ট করেছে, সেগুলো দেখা অনেক সহজ।”—জর্ডান।

 এটা অন্যদের সঙ্গে যোগাযোগ রাখতে সাহায্য করে। “আমার কিছু বন্ধু এবং পরিবারের সদস্য আমার থেকে অনেক দূরে থাকে। তারা যখন প্রায়ই তাদের ফোটো শেয়ার করে এবং আমি যখন সেগুলো দেখি, তখন আমার মনে হয় যেন প্রতিদিনই তাদের সঙ্গে আমার দেখা হচ্ছে।”—ক্যারেন।

 কোন বিপদগুলো রয়েছে?

 তোমার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তোমার পোস্ট করা ফোটো থেকে যদি বোঝা যায় যে, তুমি কোথায় আছ, তা হলে তুমি বিপদে পড়তে পার। ডিজিটাল ট্রেন্ডস্‌ নামে একটা ওয়েবসাইট জানায়, “তোমার পোস্ট করা ছবি ও ভিডিও থেকে যদি বোঝা যায় যে, তুমি কোন সময়ে কোথায় আছ, তা হলে যেকোনো লোক খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাকে ট্র্যাক করে তোমার ক্ষতি করতে পারে।”

 বিশেষ করে, আজকাল চোর-ডাকাতেরা এটাই লক্ষ করে যে, কখন তুমি বাড়িতে থাকছ না। ডিজিটাল ট্রেন্ডস্‌ ওয়েবসাইটের একটা রিপোর্ট জানায়, একবার তিন জন ডাকাত ১৮টা বাড়িতে ঢুকে ডাকাতি করে, যখন সেখানে কেউ ছিল না। তারা কীভাবে জানতে পারল যে, বাড়িতে কেউ নেই? তারা অনলাইনের মাধ্যমে সেই বাড়ির লোকদের উপর নজর রেখেছিল, এটাকে বলা হয় সাইবারকেসিং। সেই ডাকাতেরা প্রায় ৭০ লক্ষেরও বেশি টাকার জিনিসপত্র লুট করেছিল।

 তোমার সামনে কিছু অশ্লীল বিষয় চলে আসতে পারে। কিছু লোকের কোনো লজ্জাবোধ নেই, তারা যা নয় তা-ই পোস্ট করে বেড়ায়। সারা নামে একজন কিশোরী বলে: “বিপদটা তখনই আসে, যখন তুমি এমন ব্যক্তিদের পোস্ট দেখতে থাক, যাদের তুমি চেনো না। এটা অনেকটা কোনো ম্যাপ ছাড়াই একটা অজানা শহরে ঘুরে বেড়ানোর মতো। এর ফলে, তুমি এমন একটা জায়গায় চলে যেতে পার, যেখানে তুমি কখনোই যেতে চাওনি।”

 তোমার অনেক সময় নষ্ট হতে পারে। ইয়োল্যান্ডা নামে একজন যুবতী বলেন, “অন্যদের লেটেস্ট পোস্ট ও কমেন্টগুলো পড়তে পড়তে আমরা এতটাই মগ্ন হয়ে যেতে পারি যে, সময় কোথা থেকে চলে যাচ্ছে, সেটা আমরা বুঝতেই পারি না। নতুন কী পোস্ট এসেছে, এটা জানার জন্য আমাদের হয়তো সেকেণ্ডে সেকেণ্ডে ফোন দেখার অভ্যাস হয়ে যেতে পারে।”

তোমার যদি একটা ফোটো শেয়ারিং অ্যাকাউন্ট থাকে, তা হলে তোমার নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে

 সামান্থা নামে একজন কিশোরীও এই বিষয়টার সঙ্গে একমত। সে বলে, “আমি অনলাইনে কতটা সময় ব্যয় করব, সেটা আমি আগে থেকেই ঠিক করে নিই। তুমি যদি ফোটো শেয়ারিং অ্যাকাউন্ট খুলতে চাও, তা হলে এই বিষয়ে তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে।”

 তুমি যা করতে পার

  •   খারাপ বিষয়গুলো দেখা এড়িয়ে চলো। বাইবেল বলে, “আমি আমার চোখের সামনে কোনো মূল্যহীন জিনিস রাখব না।”—গীতসংহিতা ১০১:৩.

     “আমি যাদের ফলো করি, তাদের পোস্টগুলো আমি নিয়মিত দেখি আর যদি দেখি যে, তারা কোনো খারাপ ছবি পোস্ট করেছে, তা হলে আমি সঙ্গেসঙ্গে তাদের আনফলো করে দিই।”—স্টিভেন।

  •   সেই সমস্ত লোকের সঙ্গে যোগাযোগ রেখো না, যারা তোমার নৈতিক মানের মূল্য বোঝে না। এটা করলে তাদের মতো তোমারও নৈতিক মান নীচে নেমে যাবে। বাইবেল বলে, “ভ্রান্ত হোয়ো না। খারাপ লোকদের সঙ্গে মেলামেশা করা উত্তম নৈতিক মানগুলোকে কলুষিত করে দেয়।”—১ করিন্থীয় ১৫:৩৩, পাদটীকা।

     “শুধুমাত্র পপুলার হওয়ার জন্য লোকেরা যে-ট্রেন্ড ফলো করে ফোটো তুলছে, তুমি সেটা কোরো না। এমনটা করলে তুমি গালিগালাজ করা, নগ্নতা এবং অন্যান্য অশ্লীল কাজের সঙ্গে জড়িয়ে পড়বে।”—জেসিকা।

  •   ইন্টারনেটের পিছনে তুমি কতটা সময় কাটাবে এবং কত বার তুমি ফোটো পোস্ট করবে, এই বিষয়ে একটা সীমা নির্ধারণ করো। বাইবেল বলে, “তোমরা কীভাবে চলছ, তা ভালোভাবে লক্ষ করো। মূর্খ ব্যক্তির মতো না চলে বরং বিজ্ঞ ব্যক্তির মতো চলো, তোমাদের সময়কে সর্বোত্তম উপায়ে ব্যবহার করো।”—ইফিষীয় ৫:১৫, ১৬.

     “যারা অতিরিক্ত ফোটো পোস্ট করে, আমি তাদের আনফলো করে দিয়েছি। যেমন, একজন ব্যক্তি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে একটা ঝিনুকেরই ২০টা ছবি পোস্ট করেছে। আর এই ছবিগুলো দেখার পিছনে আমার অনেক সময় চলে গিয়েছে!”—রেবেকা।

  •   শুধুমাত্র নিজের ফোটোই পোস্ট কোরো না। এটা মনে কোরো না, তোমার বন্ধুরা শুধু তোমার ফোটোই দেখতে চায় বা তুমি যা করছ, সেটা জানার জন্য উতলা হয়ে রয়েছে। বাইবেলের একজন লেখক পৌল বলেন, “আমি তোমাদের সবাইকে বলছি, নিজের বিষয়ে যেমন মনে করা উপযুক্ত, সেটার চেয়ে বড়ো বলে মনে কোরো না।”রোমীয় ১২:৩.

     “কিছু লোক একের-পর-এক সেলফি পোস্ট করেই চলে। আমরা বন্ধুরা জানি, আমাদের দেখতে কেমন, তাই সেটা বার বার আমাদের মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই!”—এলিসন।